ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে মঙ্গলবার রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ সফররত মালয়েশীয় প্রতিনিধি দল।
এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমদ খান।
বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়ার আগে শ্রমিক প্রেরণ পদ্ধতি সরজমিনে দেখতে মালয়েশিয়ার প্রতিনিধি দল তিনদিনের সফরে ঢাকায় আসে। এতে নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাঁতো আজাহার বিন রাজা আব্দুল মানাপ।
নয় সদস্যের প্রতিনিধি দলটির সফরের শেষদিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকে জনশক্তি রপ্তানির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমদ খানের নেতৃত্বে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ইমিগ্রেশন, বোয়েসেল ও জনশক্তি রপ্তানি প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারাও ছিলেন।
জাফর আহমদ খান জানান, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার শর্ত পূরণে আশ্বাস দেওয়া হয়। একইসঙ্গে কম খরচে শ্রমিক পাঠাতে বাংলাদেশকে মালয়েশিয়ার 'সোর্স কান্ট্রি' করার দাবি করা হয়। এতে অভিবাসন ব্যয় অনেক কমে যাবে।
নতুন ব্যবস্থায় মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মীদের অভিবাসন সম্ভাব্য ব্যয় প্রসঙ্গে সচিব জানান, বাংলাদেশ চল্লিশ থেকে পয়তাল্লিশ হাজার টাকা ব্যয়ে কর্মী পাঠানোর প্রস্তাব দিয়েছে।
বৈঠকে ভিসা জালিয়াতি ঠেকাতে অনলাইনে তথ্য দিতে মালয়েশিয়াকে অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়ার ভিসা জালিয়াতির অভিযোগের কারণে এ প্রস্তাব দেওয়া হয়। ডিজিটালাইজড পদ্ধতিতে ভিসা প্রসেসিং হলে দু'দেশই ঝামেলা এড়াতে পারবে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে বর্তমানে অনলাইনে ভিসা প্রসেসিং পদ্ধতি চালু রয়েছে। প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ থেকে দুবাই যান এই পদ্ধতি পরিদর্শন করতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২২৩ ঘ.
bdnews24