ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল বিত্তবৈভবের মালিক না হয়েও ভুটানের মতো বাংলাদেশের মানুষও অনেক সুখী বলে মন্তব্য করেছেন সফররত ভুটানি প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে।
তিনি বলেন, "দামি গাড়ি-বাড়ি আর বিপুল অর্থবিত্তের মালিক হলেই সুখী হওয়া যায় না।"
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'গ্রস ন্যাশনাল হ্যাপিনেস (জিএনএইচ)' শীর্ষক বক্তৃতায় থিনলে এ অভিমত ব্যক্ত করেন।
সার্কের এই চেয়ারপার্সন বলেন, "পৃথিবীর উন্নত রাষ্ট্র ডেনামার্কে সবচে' বেশি আত্মহত্যার ঘটনা ঘটে। একারণে সে দেশের বহু নাগরিককে দুঃখ প্রকাশ করতে আমি দেখেছি। একাকিত্ব অনেক সময় আত্মহত্যায় প্ররোচিত করে থাকে। আর সে কারণে আত্মহত্যার ঘটনা বেশি সংখ্যায় ঘটছে।"
বাংলাদেশের মতো তার দেশের জনগণও একান্নবর্তী পরিবারে সুখে শান্তিতে বসবাস করছে বলে ভুটানের প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
বক্তৃতায় ইয়োসার থিনলে তার দেশে গ্রস ন্যাশনাল প্রডাক্ট (জিডিপি) এর পরিবর্তে বিদ্যমান জিএনএইচ ধারণার বর্ণনা দেন। তিনি জিএনএইচ'কে 'একটি জাতির সামগ্রিক উন্নয়ন' হিসেবে আখ্যায়িত করেন। এই ধারণার চারটি মৌলিক 'স্তম্ভ'র ব্যাখ্যাও দেন তিনি।
জিডিপি বাড়লেই টেকসই অর্থনৈতিক উন্নয়ন হয় না মন্তব্য করে ভুটানের প্রথম নির্বাচিত এই প্রধানমন্ত্রী আরো বলেন, তা যদি হতো তাহলে পৃথিবীকে কখনো অর্থনৈতিক মন্দা দেখতে হতো না। যে মন্দা অনেক মানুষকে নিঃস্ব করে দেয়।
জিএনএইচ'র চার স্তম্ভ হচ্ছে- টেকসই ও প্রয়োজনীয় সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশ রক্ষা, সংস্কৃতির লালন ও রাষ্ট্র পরিচালনা পদ্ধতির উন্নয়ন।
স্থলবেষ্টিত দেশটির প্রধানমন্ত্রী আরো জানান, ১৯৭২ সালে ভুটানে এ ধারণা প্রবর্তিত হয়। প্রাকৃতিক দুর্যোগে ভুটানি জনগণের দুর্ভোগের প্রেক্ষিতে এই ধারণার জন্ম হয়েছে।
এছাড়া তিনি জীববৈচিত্র্য রক্ষায় সবদেশের রাজনৈতিক নেতা, গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, অর্থনীতিবিদসহ সব শ্রেণী- পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
থিনলে বলেন, "পৃথিবীব্যাপী জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার ফলে বিশ্বে নাগরিকদের বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অথচ আমরা এর জন্য কোনো পদক্ষেপ নিতে পারছি না।"
তিনি বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য মানুষের 'অপকর্মকেই' দায়ী করে বলেন, এটা আমাদের জলবায়ুকে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে।
ঢাবি সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি ঢাবি ক্যাম্পাসে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা দেওয়া জন্য ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ঢাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমান প্রমুখ।
পরে উপাচার্য ভুটানের প্রধানমন্ত্রীকে 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রেস্ট' উপহার দেন। আর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ।
বাংলাদেশ ও ভুটানের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দু'দেশের ভাষায় দু'টি গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২০৫ ঘ.
bdnews24