কুড়িগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা হামলা মামলার আসামি নিষিদ্ধ জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম পুলিশ।
সফিজুল ওরফে হাফিজ উদ্দিন ওরফে হাফিজকে কুড়িগ্রাম সদর উপজেলার পোড়ারভিটা গ্রাম থেকে সোমবার ভোররাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, শ্বশুর বাবর আলীর বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন। সফিজুল একই উপজেরার সোবনদহ গ্রামের খয়বর আলীর ছেলে।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৬ ডিসেম্বর রাতে হাটহাজারীতে জেএমবি'র আস্তানায় পুলিশ অভিযান চালায়। ওই সময় সফিজুল বোমা মেরে পালিয়ে যান।
পুলিশ চারটি বোমাসহ একজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পরদিন হাটহাজারী থানায় একটি মামলা করে পুলিশ।
ওসি তাহারুল জানান, সফিজুল এক সপ্তাহ আগে শ্বশুর বাড়ি আসেন।
হাটহাজারীর আলীপুর এলাকার মেডিক্যাল গেটের পাশের ডা. শফির বাড়ির নিচতলার একটি মেসে পুলিশ অভিযান চালায়।
পুলিশের তাড়া খেয়ে ওই আরো তিন জঙ্গি একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
হাটহাজারীতে গ্রেপ্তার শামীম হাসান ওরফে শামীমের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। পুলিশের জিজ্ঞাসাবাদ তিনি স্বীকার করেছেন, তারা ছদ্মবেশে চট্টগ্রামে আস্তানা গেড়ে সদস্য সংগ্রহ করে জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24