২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ জানুয়ারি পর্যন্ত চাঁদপুর পৌরসভা নির্বাচন স্থগিত

চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। সেইসঙ্গে ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটিও এ সময়ের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়। সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রল হক, বিচারপতি মোজাম্মেল হক ও এস কে সিনহার সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ চাঁদপুর পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলামের রিট আবেদনে এই আদেশ দেয়। আগামী ২৭ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা। রিট আবেদনকারীর আইনজীবী সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর ফলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি চাঁদপুর পৌরসভা নির্বাচন হচ্ছে না।" মঞ্জুরুলের রিট আবেদনে গত ১২ ডিসেম্বর তিন মাসের জন্য চাঁদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। ওই রিটে হালনাগাদ ভোটার তালিকা সংশোধন না হওয়াসহ বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়। পরে সাবেক পৌর চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আপিল করেন। সোমবার রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে আরো ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলামসহ বেশ ক'জন আইনজীবী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ও কে এম আমিন উদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী। হাইকোর্টের স্থগিতাদেশ গত ২০ ডিসেম্বর ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত। পরদিন চাঁদপুর পৌরসভার নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে দেশের অন্য পৌরসভার সঙ্গেই গত ২ ডিসেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। চাঁদপুর জেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুপ্রিম কোর্টের আদেশ না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম অব্যাহত থাকবে।" চাঁদপুর পৌরসভা নির্বাচনে ইতোমধ্যে মেয়র পদে ০৯ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/জেবি/পিডি/১৮২৭ ঘ.