২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও রংপুরে সেনা-বিডিআর টহল

রাজশাহী ও রংপুর বিভাগের পৌর নির্বাচনী এলাকায় সোমবার টহলে নেমেছে সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও রংপুর বিভাগের পৌর নির্বাচনী এলাকায় সোমবার টহলে নেমেছে সেনাবাহিনী ও বিডিআর সদস্যরা। এসব এলাকায় সোমবার রাত ১২টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন রোববার এ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, "প্রতি পৌরসভায় সেনা ও বিডিআর-এর এক প্লাটুন করে সদস্য নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের টহল দেওয়ার সময় নেতৃত্বে থাকবেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।" নির্বাচনী আচরণ বিধি ও নির্বাচন বিধি লঙ্ঘনের অপরাধ বিচারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট পৌরসভাগুলোয় একজন করে নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আগামী ১২ জানুয়ারি এ দুই বিভাগের ৭২ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী বিভাগের ৫ জেলার ১৪ টি পৌরসভায় সোমবার সকাল ৬টা থেকে নির্বাচনের পরদিন রাত ১২টা পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। এ সময় রাজশাহী, দিনাজপুর ও গাইবান্ধা জেলার ১১ পৌরসভায় বিডিআরও দায়িত্ব পালন করবে। রংপুর বিভাগের কোনো পৌরসভায় সেনা সদস্য নিয়োগ না থাকলেও ১২ পৌরসভায় মোতায়েন থাকবে বিডিআর। নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা জিএম শাহাদাৎ হোসেন সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রয়োজনীয় সংখ্যক সেনা সদস্য পৌরসভাগুলোয় চলে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে কর্মপরিকল্পনা নির্ধারণ করেই মাঠে নামছে তারা।" ইসি কর্মকর্র্তারা জানান, নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের পর থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্য ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন করছে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি পৌরসভার জন্য প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে। আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের আড়াই শতাধিক পৌরসভায় নির্বাচন হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের দুই দিন আগে থেকে ভোটের পর আরো দুই দিন (মোট পাঁচ দিন) বাছাই করা পৌরসভায় এক প্লাটুন করে বিডিআর সদস্য দায়িত্ব পালন করবে। কোস্টগার্ড থাকবে নির্বাচনের দুইদিন আগে থেকে পরদিন পর্যন্ত মোট চারদিন। ছহুল হোসাইন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "দেশের ২৯টি জেলার ৫৬টি পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটের আগে-পরে চার দিন সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।" ৫২টি পৌরসভায় বিডিআর সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। ভোটের আগে-পরে পাঁচ দিন তারা দায়িত্ব পালন করবে। প্রচারণা শেষ হচ্ছে: যান চলাচলে নিষেধাজ্ঞা সোমবার রাত ১২টায় শেষ হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগের পৌর নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। ইসি কর্মকর্তা আব্দুল বাতেন জানান, নির্বাচন বিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে থেকে ভোটের দিন পর্যন্ত প্রচারণা বন্ধ রাখতে হবে। এছাড়া ১০ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে (মঙ্গলবার) ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। ১১ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে (রাত ১২টা) ভোটের দিন মধ্যরাত পর্যন্ত (রাত ১২টা) নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, বেবি ট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, কার, পিকআপ, বাস, ট্রেম্পো, লঞ্চ, ইঞ্জিন বোট ও স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন সামগ্রী পাঠানো সম্পন্ন এ দুই বিভাগের নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের নির্বাচনী সামগ্রী সংশ্লিষ্ট জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। ভোটের আগের দিন সব কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তাবাহিনীর সদস্যদের প্রহরায় এসব সরঞ্জাম নিয়ে পৌঁছবেন ভোটগ্রহণ কর্মকর্তারা। ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ভোট কেন্দ্রে পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার নিয়োগ করা হবে বলে জানান ইসি কর্মকর্তা। ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)/সার্জেন্ট/এএসআই/হাবিলদারের নেতৃত্বে প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হবে। সাধারণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী পাঁচজন পুলিশসহ ১৯ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে অস্ত্রধারী ছয়জন পুলিশসহ ২০ জন নিয়োজিত থাকবে। রংপুর-রাজশাহীতে প্রার্থী ৪৭১১ রাজশাহী ও রংপুর বিভাগে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে চার হাজার ৭১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী বিভাগের ৪৯টি পৌরসভায় তিন হাজার ১৫৮ জন এবং রংপুরের ২৩ পৌরসভায় এক হাজার ৫৫৩ জন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২৬ ডিসেম্বর দুই বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার কার্যালয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানায়। সেনা ও বিডিআর থাকছে যে পৌরসভায় রাজশাহী বিভাগের যেসব পৌরসভায় সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো নাটোর জেলার নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর ও গোপালপুর। চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ। সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও শাহজাদপুর। বগুড়া জেলার বগুড়া সদর ও শেরপুর এবং পাবনা জেলার পাবনা সদর, সুজানগর ও ঈশ্বরদী। রংপুর বিভাগের যেসব পৌরসভায় বিডিআর মোতায়েন করা হয়েছে সেগুলো হলো পঞ্চগড় জেলার পঞ্চগড়, লালমনিরহাটের লালমনিরহাট ও পাটগ্রাম, ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও, রাণীশংকইল ও পীরগঞ্জ, নীলফামারীর নীলফামারী, জলঢাকা ও সৈয়দপুর, রংপুরের হারাগাছ, কুড়িগ্রামের কুড়িগ্রাম, গাইবান্ধার গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ, দিনাজপুরের হাকিমপুর, রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ ও তাহেরপুর, গোদাগাড়ী ও কাঁকনহাট, তানোর ও মুণ্ডুমালা, কেশরহাট ও চারঘাট এবং জয়পুরহাটের জয়পুরহাট সদর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/কেএমএস/১১২৮ ঘ.