নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় গণধর্ষণের শিকার তানিয়া আক্তার (১৮) নামের এক তরুণী এক সপ্তাহ পর মারা গেছে।
রোববার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
ধর্ষণের ঘটনায় ওই তরুণীর ভাই সোহেল বাদি হয়ে নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন।
এই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়ে।
ধর্ষণের ঘটনার পর জসিম নামের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও এখন পর্যন্ত আর কাউকে আটক করা যায়নি।
নিহত তরুণী রূপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের আরশাদ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রূপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের তারা মিয়ার বখাটে ছেলে জসিম ওই তরুণীকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করায় জসিম ক্ষুদ্ধ হয়।
গত রোববার রাতে ওই তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে জসিম ও তার তিন সহযোগী ওই তরুণীকে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
এলাকার লোকজন ধর্ষিতার আর্তচিৎকারে এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তরুণীর পরিবারের জানায়, বখাটে জসিম ও তার সহযোগিরা প্রায়ই তার মেয়েকে উত্ত্যক্ত করতো। বেশ কয়েকবার বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু তারা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করেন।
গত শুক্রবার বিয়ের দিন ধার্য্য ছিলো। কিন্তু তরুণীর ধর্ষণের ঘটনায় বরপক্ষ বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়।
মামলারা বাকি আসামিরা হলেন- আমির হোসেন, কবির, সোহেল, জাহাঙ্গীর, তারা মিয়া, সানোয়ার, মহিউদ্দিন ও সাখাওয়াত।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষণের শিকার তরুণী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৯ ঘ.
bdnews24