চাঁদপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে শুক্রবার রাতে একদল ডাকাত গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র তছনছ করেছে।
শহরের ষোলঘর এলাকায় অবস্থিত পাউবো'র কার্যালয়ে এ ঘটনা ঘটে। ডাকাতরা এ সময় পাউবোর এক কর্মচারীকে বেঁধে বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাঁদপুর সদর থানায় দায়ের করা জিডিতে পাউবোর নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস উল্লেখ করেন, ডাকাত দল পাউবোর নিচ ও দ্বিতীয় তলার ১০টি কক্ষের তালা ভাঙে। তারা এসব কক্ষের আলমিরার তালা ভেঙে দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এলোমেলোভাবে ফেলে যায়। তারা শুধু হিসাবরক্ষণ শাখার আলমিরা থেকে একটি চেক বই নিয়ে যায়।
জীবন কৃষ্ণ দাস সাংবাদিকদের জানান, পাউবোর কম্পাউন্ডে টহলরত দারোয়ান মো. আরমানকে নিচতলায় কম্পিউটার কক্ষের একটি চেয়ারের সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়।
পাউবোর দারোয়ান মো. আরমান সাংবাদিকদের বলেন, ডাকাত দল মুখোশ পরে ছিলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা চেয়ারের সঙ্গে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, এই ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24