২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় প্রেক্ষাগৃহে আগুন

বগুড়া শহরের সোনিয়া সিনেমা হলে শুক্রবার ভোররাতে আগুন লেগে প্রেক্ষাগৃহটির সব মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

বগুড়া, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের সোনিয়া সিনেমা হলে শুক্রবার ভোররাতে আগুন লেগে প্রেক্ষাগৃহটির সব মালামাল পুড়ে গেছে। দমকল বাহিনী জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নবাববাড়ী রোডের এ অগ্নিকাণ্ডের কারণে শহরের একাংশে সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবারাহ বন্ধ ছিলো। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রেক্ষগৃহটির মালিক শাহিনুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে সিনেমা হলের গার্ড তাকে আগুন লাগার খবর দেন। সঙ্গেসঙ্গেই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। শাহিনুর বলেন, 'আগুনে হলের মেশিন, চেয়ার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।" বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের তিনটি ইউনিট রাত ৪টা থেকে সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তিনি বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।" বগুড়া বিদ্যুৎ অফিসের কর্মী গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিনেমা হলে আগুন লাগায় ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত শহরের স্টেশন রোড, নিউ মার্কেট, নবাববাড়ী সড়ক, শাপলা মার্কেট ও সাতমাথা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৮ ঘ.