ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌষের শেষ দিকে বেড়েছে শীতের তীব্রতা। আর তা নিবারণে পছন্দের পোশাকের খোঁজে রাজধানীর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে দোকানে বেড়েছে ভিড়।
গুলিস্তান, পুরানো পল্টন, নিউ মার্কেট, ফার্মগেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার ফুটপাতে ৩৫ থেকে ৪৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, চাদর, কানটুপি, হাত মোজা ও পা মোজাসহ নানা ধরনের শীতের পোশাক। তা কিনতে শুধু গরীবরাই না, মধ্যবিত্ত এমনকি অনেক উচ্চবিত্তও যাচ্ছেন ফুটপাতে।
পুরানো পল্টন এলাকার এক ফুটপাতে বুধবার কথা হয় আনোয়ার হোসেন নামের একজন বিক্রেতার সঙ্গে।
কেমন খদ্দের আসছে- জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দাম কম হওয়ায় অনেক বড়লোকও শীতের কাপড় কিনতে আসছে।"
তবে শিশুদের শীতের কাপড়ের দাম গত বছরের তুলনায় এবার বেশি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করেন কয়েকজন ক্রেতা।
বাচ্চার জন্য গুলিস্তানে কাপড় কিনতে এসেছিলেন বাসচালক ইব্রাহিম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "গত বছর বাচ্চাদের সোয়েটার ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে। এবার ১৫০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।"
গুলিস্তানের এ ফুটপাতে হাফ সোয়েটার বিক্রি করছিলেন কামরুল ইসলাম নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে তিনি জানান, দিনে প্রায় একশ' সোয়েটার বিক্রি করছেন।
ফার্মগেটের একজন বিক্রেতা মো. পারভেজ কবির জানান, চাদর বিক্রি করছেন ১৫০ থেকে ৩৫০ টাকা দরে। এছাড়া কানটুপি, হাত ও পা মোজা বিক্রি করছেন ৩৫ থেকে ৫৫ টাকা পর্যন্ত দামে।
ফার্মগেটের ফুটপাতে বুধবার শীতের কাপড় কিনতে এসেছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী আশরাফ আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ফুটপাত থেকে কাপড় কেনার সময় সতর্ক থাকতে হয়। কারণ দোকানিরা প্রায় দ্বিগুণ দাম চেয়ে বসে।"
হামিদুর রহমান নামের আরেকজন ক্রেতা বলেন, "শীতের তীব্রতা বাড়ায় ১২০ টাকায় একটা চাদর এবং দেড়শ' টাকায় একটা সোয়েটার কিনলাম।"
নিউ মার্কেট এলাকার ফুটপাতের দোকানি আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার-পাঁচ বছর ধরে তিনি সেখানে শীতের কাপড়ের ব্যবসা করছেন। এবার শীতের শুরুতে শীতের কাপড় তেমন বিক্রি না হলেও এখন প্রচুর বিক্রি হচ্ছে।
"সোয়েটার ও চাদর বিক্রি গত বছরের তুলনায় বেড়েছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/এমআই/১১৩৫ ঘ.
bdnews24