২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ভঙ্গ করে মেয়রপ্রার্থীর সমাবেশ

সিরাজগঞ্জের কাজিপুরে আচরণবিধি লঙ্ঘন করে একজন মেয়রপ্রার্থী নির্বাচনী সমাবেশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের কাজিপুরে আচরণবিধি লঙ্ঘন করে একজন মেয়রপ্রার্থী নির্বাচনী সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার আলমপুর চৌরাস্তায় মঞ্চ তৈরি করে এই সমাবেশ করেন ক্ষমতাসীন মহাজোট সমর্থিত মেয়রপ্রার্থী জি এম তালুকদার। এ বিষয়ে মেয়রপ্রার্থী জি এম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা তো আসলে পথসভা করতে চেয়েছি। কিন্তু লোক সমাগম বেশি হয়ে গেছে। আর কেন্দ্রীয় নেতারা আসায় তাদের সম্মানে মঞ্চ তৈরি করা হয়েছে।" জেলা আওয়ামী লীগের সদস্য রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম। এতে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, চিকিৎসক হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, মেয়রপ্রার্থী জি এম তালুকদার প্রমুখ। আওয়ামী লীগ নেতারা মহাজোট মনোনীত এই মেয়র প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট প্রার্থনা করেন। এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরের বাইরে থাকায় বিষয়টি তিনি অবগত নন। তবে ঘটনা সত্য হলে প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সিরাজগঞ্জ সদরের রির্টানিং কর্মকর্তা নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, একজন প্রার্থী স্বল্প সংখ্যক লোকের উপস্থিতিতে পথসভা করতে পারেন। কিন্তু মঞ্চ তৈরি করে সমাবেশ করা নির্বাচনী আচরণবিধি বহির্ভূত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১১ ঘ.