২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহিত আবার বললেন তদন্তে কমিটি হবে

মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক থেকে তহবিল স্থানান্তরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি হবে- আবারো বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক থেকে তহবিল স্থানান্তরের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি হবে- আবারো বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। একজন সাংবাদিক তার কাছে জানতে চান, "আপনি রোববার বিদেশ যাচ্ছেন, তার আগেই ড. ইউনূসের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে?" তখন অর্থমন্ত্রী বলেন, "তদন্ত কমিটি হবে। এর মধ্যে (রোববার) হতেও পারে। তবে আমি তো একা নই। আরো অনেকে আছেন। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে।" আগামী রোববার সিঙ্গাপুর যাচ্ছেন অর্থমন্ত্রী আবদুল মুহিত। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আবুল মাল আবদুল মুহিত। নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে গত ৩০ ডিসেম্বর প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনুসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে। গ্রামীণ ব্যাংক এ অভিযোগ অস্বীকার করেছে। গত ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, "এই অভিযোগের ভালোভাবে তদন্ত হওয়া উচিত।" অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা গত ২৩ ডিসেম্বরও বলেছিলেন অর্থমন্ত্রী। মুহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকছেন কি না জানতে চাওয়া হলে আবুল মাল আবদুল মুহিত বলেন, "তিনি এখনও ব্যবস্থাপনা পরিচালক। তবে কী হবে এটা এখনই বলা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮৩৪ ঘ.