মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌরসভা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন সচিবালয়ের অগ্রিম চাহিদার বিপরীতে ১৭ কোটি টাকা ছাড়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার নির্বাচন কমিশনের (ইসি) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার ইসি সচিবকে এক পত্রে জানান, ইসি সচিবালয়ের প্রস্তাব অনুযায়ী পৌরসভা নির্বাচন পরিচালনা ব্যয় বাবদ ৩২টি খাতের বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ১৭ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৭৮০ টাকা ছাড় এবং অগ্রিম হিসেবে ১২ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ৭৮০ টাকা অগ্রিম উত্তোলনে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।
নির্বাচন পরিচালনার জন্য ভোট কেন্দ্রের বেস্টনী নির্মাণ ও ভোট দেওয়ার গোপন কক্ষ স্থাপন, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, যাতায়ত, দৈনিক ভাতা, ভোট গ্রহণের মনোহারী দ্রব্য কেনা, মুদ্রণ কাজের অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, নির্বাচন সংক্রান্ত প্রচারণা, ঢাকা থেকে মাঠ পর্যায়ে ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্যাকেট, ম্যানুয়েলসহ সরঞ্জামাদি পরিবহন, ফলাফল সংগ্রহ, নির্বাচনী ট্রাইব্যুনাল ও মামলা পরিচালনা, প্রার্থীদের নির্বাচনী ব্যয় ওয়েবসাইটে প্রকাশ ও প্রার্থীর তথ্য ভোটারদের কাছে বিতরণ, ব্যালট পেপার মুদ্রণসহ ৩২টি খাতে এ ব্যয় দেখানো হয়েছে।
নির্বাচনে আইন শৃঙ্খলাখাতে ব্যয় এর মধ্যে ধরা হয়নি।
ইসি কর্মকর্তারা জানান, এবার পৌর নির্বাচনে ৩০ থেকে ৩৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন ২৬৯ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। পরে আদালতের স্থগিতাদেশ ও সরকারের অনুরোধে কয়েকটি পৌরসভা নির্বাচনের তালিকা থেকে বাদ যায়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি দেশের ২৫৭ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনযোগ্য পৌরসভায় মোট ভোটার ৬৯ লাখেরও বেশি।
২৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন পরিচালনা ব্যয়ের সিংহভাগ বরাদ্দ হয় আইনশৃঙ্খলা খাতে। পৌর নির্বাচনেও অন্তত দুই তৃতীয়াংশ ব্যয় এ খাতেই হবে।
তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী ক'দিন মোতায়েন থাকবে এবং সশস্ত্র বাহিনীর কত সদস্য থাকছে তার উপরই নির্ভর করছে এ ব্যয়।
এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের ভাতা ও অন্যান্য বরাদ্দ নবম সংসদ নির্বাচনের মতোই থাকছে বলে জানান এই অতিরিক্তি সচিব।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (পৌর) সৈয়দ খুরশিদ আনোয়ার আইনশৃঙ্খলা খাতে বরাদ্দ চেয়ে ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়েছেন।
এই নির্বাচনে পুলিশ, আনসার, র্যাব, ব্যটালিয়ন আনসার ও সীমিত আকারে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও কোস্টগার্ড) সদস্যরা আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২২৫২ ঘ.
bdnews24