২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে তৈরি পোশাক উদ্ধার, গ্রেপ্তার ৫

পাচারের সময় রপ্তানিমুখী তৈরি পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাচারের সময় রপ্তানিমুখী তৈরি পোশাকসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ভ্যানচালকের সহকারীসহ পাঁচজনকে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার একটি ইস্পাত কারখানায় অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের গ্রেপ্তার করে। রপ্তানির জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠানো সাভারের একটি পোশাক কারখানার ১৩ হাজার টি-শার্ট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাঈনুর রহমান সাংবাদিকদের জানান, সাভারের এয়ারপুল ডোনাই এলাকায় অবস্থিত জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ছয়শ' কার্টুন ও ১৫টি বস্তায় ভর্তি টি-শার্টগুলো নিয়ে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১১১৪৪২) চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার মেঘা স্টিল মিলের ভেতরে কাভার্ডভ্যানটি নিয়ে যায় গাড়ির চালকসহ অন্যরা। তারা কাভার্ডভ্যানের ভেতরের কার্টুন খুলে টি-শার্ট বস্তায় ভরে অন্য একটি ট্রাকে তুলছিলো। ওসি জানায়, খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান এবং পাচারকারীদের হাতেনাতে পাকড়াও করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ ভাটিমুরা গ্রামের রফিজুল হকের তিন ছেলে দুলাল (৩০), নাজিম (২৮), আলাউদ্দিন (২৫), চাঁদপুরের ইচলি এলাকার হামিদ মিয়ার ছেলে মিলন (৪২) ও লক্ষীপুরের চরআদি এলাকার আলমগীর মাঝির ছেলে কাভার্ডভ্যান চালকের সহকারী সেলিম (২৫)। পুলিশ কর্মকর্তা জানান, এই চক্রটি রপ্তানির জন্য চট্টগ্রামে নেওয়ার সময় কাভার্ডভ্যান পণ্য সরিয়ে পাচার করে। ঘটনার সঙ্গে কাভার্ডভ্যানের চালক, সহকারীসহ পোশাক কারখানা ও স্টিল মিল কর্তৃপক্ষ জড়িত রয়েছে। উদ্ধার করা পণ্যের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.