ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার ইউএন কমিশন অব দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল শেলফ (সিএলসিএস)এর সদস্য হেরাল্ড ব্রিককি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সামুদ্রিক সুযোগ-সুবিধা বিষয়ে জাতিসংঘে উপস্থাপিত একটি পরিকল্পনা তৈরিতে পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য ড. ব্রিককিকে অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সমুদ্র সীমার স্বার্থ সুরক্ষায় তার পরামর্শ অচিরেই বাংলাদেশের জন্য বিশাল সহায়ক হবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৪২ ঘ.
bdnews24