ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচ এম এরশাদ ও বিদিশা সিদ্দিকের ছেলে শাহতাব জারাব এরিককে আগামি ২ ফেব্র"য়ারি আদালতে হাজির করতে এরশাদকে নির্দেশ দিয়েছে আদালত।
এরিকের অভিভাবকত্ব পেতে ও তাকে নিজের হেফাজতে নিতে বিদিশার করা মামলায় ঢাকার ১৫তম সহকারী জজ শাম্মী আকতার বুধবার দুপুরে এ আদেশ দেন। এ সময় সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের পক্ষে জাতীয় পার্টির বাগেরহাটের সাংসদ এইচ এম গোলাম রেজা সাক্ষ্য দেন।
সাক্ষ্যগ্রহণের সময় এরশাদ বা বিদিশা কেউ আদালতে উপস্থিত ছিলেন না। গত বছরের ১ নভেম্বর এ মামলায় বিচারকের খাস কামরায় রুদ্ধদ্বার সাক্ষ্য দেন এরশাদ।
বুধবার গোলাম রেজা সাক্ষ্য দেওয়ার পর তাকে জেরা করেন বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান।
আব্দুল মান্নান জানান, আগামি ২ ফেব্র"য়ারি মামলাটির যুক্তিতর্কের শুনানি হতে পারে।
গত বছরের ২৭ মে ঢাকার নাবালক সন্তান এরিককে হেফাজতে নিতে জেলা জজ আদালতে ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশে এরশাদের বিরুদ্ধে মামলাটি করেন তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।
এরশাদের বিরুদ্ধে বিদিশার আরো একটি মামলা বিচারাধীন। গত বছরের ১৮ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এরশাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি করেন বিদিশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫২ ঘ.
bdnews24