২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য জাহিদ বাবু আবারো গ্রেপ্তার

বরিশালে সিরিজ বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য জাহিদ বাবুকে কারা ফটক থেকে আবারো গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

বরিশাল, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে সিরিজ বোমা হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য জাহিদ বাবুকে কারা ফটক থেকে আবারো গ্রেপ্তার করা হয়েছে। বুধবার একটি ডাকাতির মামলায় জামিন পেয়ে বরিশাল কারাগার থেকে বের হওয়ার পর কোতোয়ালী মডেল থানার একটি টহল দল তাকে কারাফটক থেকে গ্রেপ্তার করে। জাহিদ বাবু (৩৫) নগরীর সিএন্ডবি পোল এলাকার প্রয়াত আবুল হোসেনের ছেলে। ২০০৫ সালের ১৭ অগাস্ট নগরীর ১৪টি স্থানে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের তিনটি মামলায় জাহিদ ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৯ সালের ২৯ অক্টোবর বরিশাল কারাগার থেকে জামিনে বের হওয়ার সময়ও তাকে কারাফটকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।" নগরীর রুপাতলী এলাকায় ২০০৯ সালের ৩০ এপ্রিল ডা. সেলিম রেজার বাসায় ডাকাতির মামলায় জামিন পেয়ে বুধবার জাহিদ কারাগার থেকে বের হচ্ছিলেন। তিনি ওই মামলার সন্দেহভাজন আসামি। ২০০৫ সালের ১৭ অগাস্ট নগরীতে সিরিজ বোমা বিস্ফোরণের পর বাবু তিনবছরেরও বেশি সময় পলাতক ছিলেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে তিনি ঢাকায় র‌্যাবের কাছে আটক হন। ওই ঘটনায় তার বিরুদ্ধে ১৩টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১০টি মামলা থেকে তিনি খালাস পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৫৭ ঘ.