২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা ভণ্ডুলের মামলা পাবনা ছাত্র-যুবলীগের ৩৩ নেতাকর্মীই খালাস

পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার আসামি ছাত্র ও যুবলীগের ৩৩ জন নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 08:15 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

পাবনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের মামলার আসামি ছাত্র ও যুবলীগের ৩৩ জন নেতাকর্মীর সবাই খালাস পেয়েছেন। পাবনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক বুধবার জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খ ম জহির হাসান রুবেল ও ছাত্রলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলুসহ মামলার সব আসামির উপস্থিতিতে এ রায় দেন। খালাসপ্রাপ্তরা হলেন- পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, বর্তমান সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আলী হায়দার সুমন, সাধারণ সম্পাদক মো. ইমরান, এডওয়ার্ড কলেজ শাখার সভাপতি মামুনুর রশিদ, সাবেক সভাপতি পিয়াল, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদার, পাবনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক জহির হাসান রুবেল, ত্রাণ বিষয়ক সম্পাদক সাজ্জাদ সজল, ছাত্রলীগ নেতা স্বপন, ইমরান আলী, সবুর, মান্না, যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, শরীফুল ইসলাম শরীফ, হারুনার রশিদ হারুন, লালু, আরিফ, আলাল ও বাবু। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জামিন আবেদনের শুনানিতে কেএম শহিদুল আলম, আব্দুল মতিন, আব্দুল আহাদ বাবু, হেলাল উদ্দিন বিশ্বাস, তৌফিক ইমাম, মুরশাদ সুবহানীসহ প্রায় শতাধিক আইনজীবী অংশ নেন। খালাস পাওয়ার পর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট সাংবাদিকদের বলেন, "এটি ছিল একটি রাজনৈতিক মামলা। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই রাজনৈতিক কর্মী।" জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আহমেদ শরীফ ডাবলু বলেন, "এরা কেউ ভাংচুরের ঘটনায় জড়িত ছিল না। তা ছাড়া এই মামলায় তেমন কোনো সাক্ষ্য-প্রমাণও ছিলো না।" গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়। ওই সময় মারধরের শিকার হন দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এছাড়া প্রশাসনের চারটি গাড়ি এবং পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভবনেও ভাংচুর হয়। ওইদিনই পাবনার নির্বাহী হাকিম মঈনুল হোসেন বাদি হয়ে সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাংচুরের অভিযোগে পাবনা সদর থানায় দ্রুত বিচার আইনে ৩৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন। এ ছাড়া হাকিম সরোয়ার আলম বাদি হয়ে সরকারি কাজে বাধাদান ও পরীক্ষা ভণ্ডুলের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এ ঘটনায় পাবনার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) এএফএম মনজুর কাদির ও পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদসহ দুই এডিসিকে ওএসডি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/জেবি/পিডি/১৯০৩ ঘ.