২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি দখল নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া

একটি সরকারি জমির দখল নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকার দলীয় সাংসদ সারাহ্ বেগম কবরী ও শ্রমিক নেতা পলাশ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সরকারি জমির দখল নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকার দলীয় সাংসদ সারাহ্ বেগম কবরী ও শ্রমিক নেতা পলাশ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লার আলীগঞ্জে ঘটনার সময় উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আহত অন্তত ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কবরীর ব্যক্তিগত সচিব (পিএস) সিরাজুল ইসলাম সেন্টু ফাঁকা গুলি ছোড়েন বলে প্রতিপক্ষ অভিযোগ করলেও পুলিশ এ বিষয়ে কোনা মন্তব্য করতে রাজি হননি। এরপর আলীগঞ্জ পয়েন্টে পলাশ সমর্থকরা এবং ফতুল্লা থানার সামনে কবরী সমর্থকরা ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় ১০টি যানবাহন ভাংচুর করা হয়। আড়াইঘণ্টা পর পুলিশের অনুরোধে দু'পক্ষ অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, আলীগঞ্জে ৩ দশমিক ৯০ একর জমি নিয়ে গণপূর্ত বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশনের মধ্যে বিরোধ রয়েছে। আগামী ৯ জানুয়ারি এই নিয়ে একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশন জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা শাখা সভাপতি কাউসার আহম্মেদ পলাশকে জমিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয় বলে পলাশ দাবি করেন। জমিটিতে কয়েকটি দোকান তোলা হয়েছে। ওগুলো এখন পলাশের দখলে আছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সারাহ্ বেগম কবরী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে গিয়ে পলাশের লোকজনের কাছে কাগজপত্র দেখতে চান। এ নিয়ে দু'পক্ষের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে কবরীর পিএস সিরাজুল ইসলাম সেন্টু প্রতিপক্ষের ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন ও বালু ব্যবসায়ী গাফ্ফারকে মারধর করেন। এরপর দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময় সেন্টু ফাঁকা গুলি ছোড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে পুলিশ এসে কবরীকে গাড়িতে তুলে দেয়। এরপর পলাশ সমর্থকরা আলীগঞ্জে রাস্তায় ট্রাক দিয়ে অবরোধ সৃষ্টি করে। অন্যদিকে কবরী সমর্থকরা ফতুল্লা থানায় অবস্থান নিয়ে অবরোধ করে। তারা থানার সামনে দশটি যানবাহন ভাংচুর করে। বিকাল ৪টায় পুলিশের অনুরোধে উভয়পক্ষ অবরোধ তুলে নেয়। যান চলাচল শুরু হলেও তীব্র যানজট দেখা দেয়। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের আওয়ামী লীগ সাংসদ সারাহ্ বেগম কবরী অভিযোগ করেন, আলীগঞ্জের জমিটি গণপূর্ত বিভাগের। পলাশ এটি দখল করে তার নামে সাইনবোর্ড ঝুলিয়েছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে পলাশের নেতৃত্বে সন্ত্রাসীরা তার গাড়িতে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। পলাশ তার (কবরী) প্রাণনাশের চেষ্টা চালায় বলেও তিনি অভিযোগ করেন। কবরী দাবি করেন- সন্ত্রাসীদের হামলায় তার সমর্থক সেলিম, দেলোয়ার, নুর হোসেন, মানিক ও জুয়েল আহত হয়েছেন। জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি কাউসার আহম্মেদ পলাশ গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করর্পোরেশন ও গণপূর্ত বিভাগের বিরোধ রয়েছে। জমিটি এখন পেট্রোলিয়াম করর্পোরেশনের দখলে রয়েছে। পলাশ দাবি করেন, পেট্রোলিয়াম করর্পোরেশনের ডিলার হিসেবে সংস্থার পক্ষ থেকে তাক লিখিতভাবে জমিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত লোকজনের বেতন দেওয়ার জন্য জমিটিতে কিছু দোকান তোলা হয়েছে। কবরীর পিএস সেন্টু গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তার লোকজনকে মারধর করে বলে পলাশ অভিযোগ করেন। এতে উত্তেজিত শ্রমিকরা কবরী ও তার লোকজনকে ধাওয়া করে। সেন্টুর গুলি ছোড়ার ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোনো কথা বলতে রাজি হননি। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রিয়াজুল কবির জানান, ডা. হেলাল নামের একজন সন্ধ্যায় কাউসার আহম্মেদ পলাশকে হুকুমের আসামি করে ৪০/৫০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বিকেল ৪টায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, গুলি বর্ষণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কে বা করা গুলি করেছে তারও খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৫ ঘ.