২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় ভূমি জরিপ আবার শুরু

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণের লক্ষ্যে ভূমি জরিপের কাজ আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

দিনাজপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্ত জমি অধিগ্রহণের লক্ষ্যে ভূমি জরিপের কাজ আবার শুরু হয়েছে। সোমবার দুপুর থেকে জেলা প্রশাসকের নির্দেশে জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা মো. শওকত ওসমানের নেতৃত্বে জরিপ কাজ শুরু করে ১২ সদস্যের একটি দল। গত বছর ৭ জুলাই প্রথম জরিপ কাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। খনি থেকে কয়লা তোলার কারণে এলাকার অনেক জমি দেবে গেছে, অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে সরকার মোট ৬২৭ দশমিক ৭৩ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা নিয়েছে। তাদের জন্য সরকার ইতোমধ্যে ক্ষতিপূরণের একটি প্যাকেজ ঘোষণা করেছে। ভূমি জরিপের আওতায় প্রত্যেক ব্যাক্তির জমির পরিমাণ, জমির ধরণ ও অবকাঠামোর তথ্য নেওয়া হবে। এদিকে সরকার ঘোষিত ক্ষতিপূরণ প্যাকেজ মেনে নেওয়া নিয়ে ভূমি ও সম্পদ রক্ষা কমিটি ও জীবন ও সম্পদ রক্ষা কমিটির লোকজনের মধ্যে গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে দায়ী করে। এরপর থেকে বড়পুকুরিয়া বাজারের চারটি পয়েন্টে পুলিশ অবস্থান করছে। কিছু দোকান খোলা হলেও অধিকাংশই বন্ধ আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জরিপ দলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে রয়েছেন জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) শাহ মো. মুজাহিদুল ইসলাম। জরিপদলের সদস্য অতিরিক্ত ভুমি হুকুম দখল কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, "বড়পুকুরিয়া বাজারের দোকানপাট ও আশপাশের বাড়িঘরের জরিপ কাজ চলছে।" তিনি জানান, জমির মালিকানা, অবকাঠামো ও গাছপালা জরিপ করা হবে। তবে অনেক দোকান বন্ধ থাকায় পাশের দোকানিদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। জরিপে কোনো ধরনের ত্র"টি থাকবে না দাবি করে তিনি বলেন, যার প্রাপ্য তিনি পাবেন, এক্ষেত্রে অন্য কারো সুযোগ থাকবে না। বাজারে জরিপ কাজের সময় এখনো পর্যন্ত কেউ বাধা দেয়নি বলেও জানান তিনি। এর আগে গত বছরের ৭ জুলাই জরিপ শুরু হলে এলাকাবাসী আগে জমির মূল্য নির্ধারণের দাবি জানিয়ে বিক্ষোভ করে এবং জরিপ কাজে বাধা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪০ ঘ.