ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কলাবাগানে গ্রেপ্তার চার জেএমবি সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার চারজন নিষিদ্ধ এ সংগঠনের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলে আইনশৃঙ্খলা বাহিনী জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার আহ্বায়ক এসএম আমিনুল গনি (২৫), সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ বিভাগের সমন্বয়ক আবু হুরাইরা বিন আমান ওরফে সামছ (২২), দাওয়াতি শাখার সদস্য শাহনেওয়াজ আল মারুফ (২২) ও প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়ক এসএম আশরাফুজ্জামান (৩০)।
তাদের মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ মাহমুদ সাত দিনের হেফাজত (রিমান্ড) চান। তবে মহানগর হাকিম কামরুন্নাহার রুমী আবেদনের শুনানি শেষে চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
হেফাজতের আবেদনে বলা হয়, তাদের কাছ থেকে কম্পিউটার, সিডি, ল্যাপটপ, বিভিন্ন জিহাদি বই ও নগদ টাকা উদ্ধার করা হয়। তারা দেশে নাশকতামূলক ও সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত। তাদের অপর সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।
জেএমবির সদস্যদের পক্ষে জামিন চাওয়া হলেও হাকিম তা নাকচ করেন।
এ চারজনকে রোববার রাতে কলাবাগান এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার তাদের বিরুদ্ধে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, এরা সবাই তথ্য প্রযুক্তির ওপর বিশেষজ্ঞ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পাস করা ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এমআই/১৭১৩ ঘ.
bdnews24