মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীতিমালা প্রণয়নের দুই মাসে অন্তত ১০ জন বন্যপ্রাণীর হামলায় মারা গেলেও এখন পর্যন্ত ক্ষতিপূরণ মেলেনি কারো। অসচেতনতা ও বন কর্মকর্তাদের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা বলছেন।
বৃহস্পতিবার পর্যন্ত বন অধিদপ্তরে শেরপুর ও কক্সবাজার এলাকার দুটি ক্ষতিগ্রস্ত পরিবার থেকে আবেদন এলেও তা যথাযথভাবে পূরণ না হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।
বন অধিদপ্তরের বন সংরক্ষক (বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল) তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যপ্রাণী হামলায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ নীতিমালার বিষয়ে এখনো সচেতনতা গড়ে উঠেনি। বুনো হামলার ঘটনার পরই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য উপ বন কর্মকর্তা (ডিএফও) ও রেঞ্জ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চেয়ে বন অধিদপ্তরে দুটো আবেদন এলেও বাঘের আক্রমণে নিহতের কোনো পরিবার আবেদন করেনি। আহত ও সম্পদহানির ক্ষতিপূরণ দাবিও করা হয়নি।
অথচ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, শেরপুর, বান্দরবানে শুধু নভেম্বর-ডিসেম্বরে বাঘ ও হাতির আক্রমণে অন্তত ১০ জনের মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বন অধিদপ্তর এ বিষয়ে কোনো পরিসংখ্যান দিতে না পারলেও কর্মকর্তারা জানান, বছরে অন্তত ২৫ জন শুধু বাঘের আক্রমণে মারা যায়।
বন্যপ্রাণী বাঘ, হাতি ও কুমিরের আক্রমণে মৃত্যুর জন্য ১ লাখ টাকা, পঙ্গু হলে ৫০ হাজার টাকা ও সম্পত্তিহানির জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণের বিধান রেখে মন্ত্রিপরিষদ গত ২৫ অক্টোবর 'বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমাল ক্ষতিপূরণ নীতিমালা' অনুমোদন করে।
গত দুমাসের আক্রমণের শিকার
গত ২৩ ডিসেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতির পায়ের চাপায় সাজেদা আক্তার নামে এক নারী, তার দুই মেয়েসহ চারজন মারা গেছে। আহত হয় আরো দুজন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ১৮ ডিসেম্বর মুসলিমা খাতুন নামে এক নারী বাঘের আক্রমণে মারা যান। ওই সময় ঈমান আলী নামে একজনের বাম হাত ও বাম চোখ বাঘের থাবায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত ২৩ নভেম্বর চাঁদপাই রেঞ্জের সফিখালী এলাকায় জেলে কাশেম সরদার এবং খুলনার কয়রা উপজেলায় আলকীর দ্বীপে ২৬ নভেম্বর জামাল সানা বাঘের হামলায় মারা যান। শেরপুরের শ্রীবরদীতে কর্ণঝোড়া গ্রামে সিরাজ মিয়া বন্য হাতির আক্রমণে নিহত হন। এসময় শিশুসহ তিনজন আহত হয়।
সুন্দরবন পশ্চিমাংশের ডিএফও জহিরউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নীতিমালা হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত আহত ও নিহত কারো কাছ থেকে আবেদন পাওয়া যায়নি।
"নীতিমালায় ক্ষতিগ্রস্তদেরই আবেদন করতে বলা হয়েছে। কেউ আবেদন না করলে আমাদের করার কিছুই নেই", বলেন তিনি।
এ কর্মকর্তা মনে করেন, বনে প্রবেশের অনুমতি না থাকায় ক্ষতিগ্রস্তদের পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন না করে থাকতে পারে।
মাত্র দুটি আবেদন
বন অধিদপ্তরের একজন কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বন কর্মকর্তারা উদ্যোগী না হলে ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হবে। নীতিমালার বিষয়ে এলাকাবাসী জানেন না। কোথাও কোথাও বন কর্মকর্তারাই উদ্যোগী হয়ে নিহত ও আহতদের পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
শেরপুরের সিরাজ মিয়ার পক্ষে ডিএফও বদরুল আনাম ভুঁইয়া ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন।
কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরল আবছার (পিতা মৃত আলী আকবর) বন্যহাতির আক্রমণে মারা যান। গত ৯ নভেম্বর নিহতের স্ত্রী শামসুন্নাহার সংশ্লিষ্ট বন বিভাগের কার্যালয়ে আবেদন করেন। ২৮ নভেম্বর ওই আবেদন বন অধিদপ্তরে পৌঁছে।
ওই বন কর্মকর্তা জানান, নির্ধারিত ফরমে নিহতের পরিবারের পক্ষে আবেদন দুটো না হওয়ায় তা ফেরত পাঠানো হয়েছে। নীতিমালা মেনে পুনরায় যথাযথভাবে আবেদন পূরণ করে বনবিভাগে পাঠাতে বলা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় নিহত চার জনের ক্ষতিপূরণ পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট ডিএফও হারুনুর রশীদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তাকে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। সেই সঙ্গে নীতিমালা মেনে উপজেলা পর্যায়ের কমিটি তা যাছাই করে বন অধিদপ্তরে পাঠানো হবে।
অর্থ ছাড়ের উদ্যোগ
বন সংরক্ষক তপন কুমার দে জানান, নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের বিষয়ে ব্যাপক জনসচেতনতার উদ্যোগ নেওয়া হবে। এর মধ্য দিয়ে বন সংলগ্ন এলাকাবাসীও বন ও বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখবে।
তিনি আশা করেন, আগামীতে আবেদন নির্ধারিত সময়ে হবে, পাশাপাশি বন কর্মকর্তাদের সহায়তায় ক্ষতিগ্রস্ত কেউ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবে না।
"নীতিমালা মেনে আবেদনগুলো যাচাই বাছাই শেষে ক্ষতিপূরণের জন্য অর্থমন্ত্রণালয় থেকে অর্থছাড়ের ব্যবস্থা করা হবে। এরপর দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে" বলেন এই কর্মকর্তা।
ক্ষতিপূরণ নীতিমালা
বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নীতিমালায় বন্যপ্রাণীর আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা, পঙ্গু অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা এবং সম্পত্তির ক্ষতির জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, বন্যপ্রাণী দ্বারা আক্রমণে মৃত্যু কিংবা আহত হলে এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি বিষয়ে সাতদিনের মধ্যে সংশি
bdnews24