২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা-নিখোঁজের ঘটনা বাড়ায় উদ্বেগ

দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে মানুষকে ধরে নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয়ে মানুষকে ধরে নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এর পাশাপাশি গত বছর র‌্যাবসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে ১৩৩ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলেও জানিয়েছে তারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'মানবাধিকার প্রতিবেদন ২০১০: সারসংক্ষেপ' শীর্ষক এক সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, "২০১০ সালে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি ছিলো মিশ্র। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা। কিন্তু বন্ধ হয়নি বরং বন্দুকযুদ্ধ, এনকাউন্টার ইত্যাদি নামে অব্যাহতভাবে চলছে।" উইকিলিকসের ফাঁস করা নথিতেও র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা উঠে আসার বিষয়টি তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রমাণ মিলেছে জানিয়ে সুলতানা কামাল বলেন, "ক্রসফায়ার নিয়ে ব্যাপক বির্তকের মধ্যেই নতুন প্রবণতা হিসেবে যুক্ত হয়েছে মানুষ নিখোঁজ হওয়া বা গুপ্তহত্যার ঘটনা।" তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া হয়নি। এমনকি কার্যকর কোনো তদন্তের উদ্যোগও নেওয়া হয়নি। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত বছর 'নাজুক ছিলো' মন্তব্য করে তিনি বলেন, এ সময়ে ৬২৫ জন নারী ধর্ষিত হয়। এসব ঘটনায় ৩২৩টি মামলা হয়েছে। ধর্ষণের পর ৭৮ জনকে হত্যা করা হয়, ধর্ষণ পরবর্তী সময়ে সাতজন আত্মহত্যা করেছে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর বখাটেদের উৎপাতে ৩১ জন নারী আত্মহত্যা করেছে। অপমান সইতে না পেরে একজন পিতাও আত্মহত্যা করেন। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিহত হন ২০ জন। যৌতুককে কেন্দ্র করে ৩৯৪ জন নারী নির্যাতিত হয়েছে বলে আসক জানায়। এ ঘটনায় ৫১টি মামলা হয়েছে। একই কারণে ২২৩ জনকে হত্যা করা হয় এবং ১৮ জন নির্যাতিত নারী আত্মহত্যা করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর ৯৩ জন নারী এসিড নিক্ষেপের শিকার হয়। কারা হেফাজতে মারা গেছে ৭৪ জন। ২৯৮ জন সংবাদকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে। ১০০ জন বাংলাদেশি গত বছর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়। এছাড়া গত বছর ৪৩৬টি রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটার তথ্য জানিয়ে আসক বলছে, এতে ৭ হাজার ১০৩ জন আহত ও ৭৫ জন নিহত হয়। গত বছর ২ হাজার ২৭৯ জন প্রবাসী শ্রমিক লাশ হয়ে দেশে ফেরত এসেছে জানিয়ে সুলতানা কামাল বলেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর গত বছর সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, জনশক্তি রপ্তানি প্রায় ২০ শতাংশ কমেছে। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধনে কমিশনের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত করে এবং এর বাইরেও সরকার দুর্নীতি, খুন, ডাকাতি, ধর্ষণের অনেক মামলা প্রত্যাহার করেছে বলেও অভিযোগ করেন সুলতানা কামাল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হলেও কমিশনের জন্য বিধিমালা ও সাংগঠনিক কাঠামো অনুমোদন না হওয়ায় কমিশনের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।" এ সময় তিনি দেশের স্বার্থে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন আসকের পরিচালক নূর খান এবং মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল এডভোকেসি ইউনিটির জেষ্ঠ্য সমন্বয়ক সাঈদ আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেবি/এমআই/১৫৩০ ঘ.