ফরিদপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়ার এক ঘণ্টার মাথায় ধরা পড়েছেন ফরিদপুরের মো. আকবর।
ডাকাতির একটি মামলায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা গ্রামে বাড়ি থেকে আকবর (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, আকবরকে হাতকড়া পড়ানোর পর তার বাড়ি থেকে ডাকাতির মালামাল উদ্ধারে পুলিশ যখন ব্যস্ত, তখন সটকে পড়েন আকবর।
তবে এর এক ঘণ্টার মধ্যেই গ্রামের একটি বাগান থেকে আকবরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি আরিফুল হক।
তিনি সাংবাদিকদরে বলেন, আকবরকে থানায় আনা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বুড়াইচ ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের ফায়েক শরীফের বাড়িতে ডাকাতি হয়। ওই ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।
তাদের দেওয়া তথ্যে আকবরকে গ্রেপ্তারে অভিযান চালানো হয় বলে ওসি জানান।
তিনি বলেন, আকবরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৬ ঘ.
bdnews24