ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আকতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সৈয়দ জহিরুল ইসলামকে আহবায়ক করে চার সদস্যের প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।
এছাড়া রেলওয়ে পূর্ব জোনের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শাহ জহিরুল ইসলামকে আহবায়ক করে চার সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক তদন্ত কমিটি দুর্ঘটনার ছবিসহ প্রয়োজনীয় সব আলামত সংগ্রহ করে বিভাগীয় তদন্ত কমিটির কাছে জমা দেবে বলে জানান মো. আকতারুজ্জামান।
প্রাথমিক তদন্ত কমিটির অন্য তিন সদস্য হলেন, ঢাকা বিভাগীয় প্রকৌশলী-১, ঢাকা বিভাগীয় সিগন্যাল ও টেলিকম প্রকৌশলী এবং বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী (লোকো)।
বিভাগীয় তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন প্রধান প্রকৌশলী (পূর্ব) ইউসুফ আলী মৃধা, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সামসুজ্জামান এবং চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার (পূর্ব) চন্দন কান্তি দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /কেআরসি/এলএইচ/এএনএস/এইচএ/২১৪০ঘ.
bdnews24