ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদায়ী প্রধান বিচারপতি ফজলুল করিমের ভূমিকার সমালোচনা করে তাকে 'সংবিধান লংঘনকারী' বলে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার বিচারপতি ফজলুল করিমের সম্মানে আপিল বিভাগে আয়োজিত বিদায় সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।
দেশের অষ্টাদশ প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পরই নানাভাবে আলোচনায় ছিলেন মোহাম্মদ ফজলুল করিম। আলোচনার মধ্য দিয়েই বিদায় নিলেন তিনি।
অন্যদিকে অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী নেতা খন্দকার মাহবুব হোসেন বিদায়ী প্রধান বিচারপতিকে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার 'পথ প্রশস্তকারী' বলে আখ্যায়িত করেন।
অবশ্য প্রধান বিচারপতি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, "দায়িত্ব নিয়ে আমি সুপ্রিম কোর্টের ভাবমূর্তি রক্ষার চেষ্টা করেছি। তবে কিছু ভুল-ত্র"টি থাকতে পারে। সেটা আমার অনিচ্ছাকৃত।"
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ফজলুল করিমকে গত ৪ ফেব্র"য়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি শপথ নেন ওই মাসের ৮ তারিখে। বুধবার ছিলো তার শেষ কর্মদিবস।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, "চিরাচরিত নিয়ম অনুযায়ী আমি তার জন্য প্রশংসাসূচক বক্তব্য রাখতে পারিনি। কারণ, তিনি দুই বিচারপতিকে শপথ না পড়িয়ে শাসনতন্ত্র লংঘন করেছেন। পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের সুযোগ করে দিয়েছেন যাতে দুই বিচারপতি শপথ নিতে না পারেন।"
তিনি আরো বলেন, "সুপ্রিম কোর্টে দুর্নীতি তদন্তে সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম একটি কমিটি করেছিলেন। ওই কমিটি প্রতিবেদন দিলেও প্রধান বিচারপতি এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। একইভাবে খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির রিট শুনানির সময় আইনজীবীরা দুইজন বিচারপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করলেও তিনি ব্যবস্থা নেননি। এতে ওই বিচারপতিদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।"
খন্দকার মাহবুব হোসেন বলেন, "দুই বিচারপতির শপথ না পড়ানোর সিদ্ধান্ত ছিলো ঐতিহাসিক। এতে বিচার বিভাগের স্বাধীনতা ও দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। এই সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছে।"
তিনি বলেন, "প্রধান বিচারপতির বেঞ্চ থেকে আমার দেশ সম্পাদকের আদালত অবমাননার যে সাজা হয়েছে, তাতে বাক স্বাধীনতায় আঘাত এসেছে। তবে আমার দেশ প্রকাশনা সংক্রান্ত তার রায়ে আমরা গর্ববোধ করি।"
বিদায়ী প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, "আমি দায়িত্ব নেওযার পর থেকেই বিভিন্ন সংবাদপত্রে নানা ভুল ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু পদ মর্যাদার কথা মাথায় রেখে আমি তার কোনো প্রতিবাদ করিনি। তবে পত্রিকাগুলোই শেষ পর্যন্ত তাদের ভুল বুঝতে পেরেছে।"
তিনি গণতন্ত্র এগিয়ে নিতে সংবাদপত্রের ভূমিকার প্রশংসা করে বলেন, "সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশের আগ ভালোভাবে অনুসন্ধান করা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২০০০ ঘ.
bdnews24