বরিশাল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল আড়তে বিক্রির সময় বরিশালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার নগরীর ফরিয়াপট্টির একটি আড়ত থেকে মো. দুলাল (৫০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
দুলাল একজন ভ্রাম্যমাণ চাল বিক্রেতা। তিনি সদর উপজেলার পশুরাকাঠী গ্রামের বাসিন্দা।
কোতয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে ফরিয়াপট্টির চাল ব্যবসায়ী সত্তার খানের আড়তে চাল বিক্রির সময় ২৪ বস্তা চালসহ দুলালকে গ্রেপ্তার করা হয়।
দুলাল পুলিশকে জানান, তিনি বরিশালের ওএমএস'র একাধিক ডিলারের কাছ থেকে ২৭ টাকা কেজি চাল কিনে তা বিভিন্ন আড়তে বিক্রি করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৮ ঘ.
bdnews24