২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড হামলার মামলায় বিচারপতির ছেলে গ্রেপ্তার

হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ছেলে সাফায়াত আহমেদকে বুধবার গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 08:59 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ছেলে সাফায়াত আহমেদকে বুধবার গুলশান থানা পুলিশ গ্রেপ্তার করেছে। গুলশান জোনের উপপুলিশ কমিশনার একেএম হাফিজ আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসিড হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ অগাস্ট সাব্রি-ই-জামান নামে এক যুবক এসিড হামলার শিকার হন। এই ঘটনায় তার বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আসাদুজ্জামান গুলশান থানায় ওইদিনই একটি মামলা করেন। এরপর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিচারপতির সরকারি গাড়ি চালক শাহীন এবং সাফায়াতের বন্ধু জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। গত ২৬ সেপ্টেম্বর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এদিকে শাহীনের মা হাজেরা বেগম দাবি করেছেন, ছেলের সন্ধান না পেয়ে তিনি গত শনিবার গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে গুলশান থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিডি করার কোনো তথ্য তার কাছে নেই। উপপুলিশ কমিশনার জানান, বিচারপতি সালমা মাসুদের ছেলের নির্দেশে তারা এসিড হামলা চালায় বলে আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বলেছে। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে সে সম্পর্কে নিশ্চিত হয়। তিনি আরো বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বুধবার বেলা ১২টার দিকে বনানীর একটি ফার্নিচারের দোকান থেকে সাফায়াতকে গ্রেপ্তার করা হয়। সাফায়াত এবং সাব্রি-ই-জামান ঘনিষ্ট বন্ধু। সাফায়াতকে আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে। গুলশান থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাফায়াতের নানা এটি মাসুদ চৌধুরী সাবেক বিচারপতি। বাবা সেলিম আহমেদ একজন ব্যবসায়ী। পুলিশের একটি সূত্র জানায়, সাফায়াত এবং সাব্রি-ই-জামান দুজনই এক তরুণীকে ভালবাসতেন। এ ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের ফাটল ধরে। এরই জের ধরে এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এইচএ/১৪৫৪ ঘ.