ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইনকে তলব করেছে হাইকোর্ট।
তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ জানাতে আগামী ৭ অক্টোবর তাকে হাজির হতে বলেছে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ।
চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করা নিয়ে সোমবার দেওয়া এক বক্তব্য নিয়ে ছহুল হোসাইনকে তলব করা হলো।
নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমনাননার অভিযোগ এনে এদিন সকালে মামলা করেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর। দুপুরে এর শুনানি হয়।
শুনানিতে আলমগীরের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, "গতকাল (সোমবার) নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেছেন, মহীউদ্দীন খানের নির্বাচনী আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সঠিক ছিলো।"
"কমিশনের এমন বক্তব্য জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। কারণ বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করা বিচারকে প্রভাবিত করার শামিল", বলেন তিনি।
মহীউদ্দীন খান আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত ২২ সেপ্টেম্বর তার নির্বাচনী আসন চাঁদপুর-১ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয় ইসি।
দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা আলমগীরের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করলেও তা নাকচ হয়। পরে অবশ্য তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।
এরপর নির্বাচন কমিশন আসন শূন্য ঘোষণা করলে আলমগীর রিট আবেদন করেন। সে আবেদনে হাইকোর্ট রোববার ইসির গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে।
এ বিষয়ে ছহুল সোমবার বলেন, "ইসির গেজেট প্রকাশের সিদ্ধান্ত সঠিক ছিলো এবং তা নেওয়া হয় আদালতের নির্দেশনা মেনেই। এখন হাইকোর্ট গেজেট-এর কার্যকারিতা স্থগিত করেছে। এ স্থগিতাদেশের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর আইনিভাবে তা মোকাবেলা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24