২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকের সামনে দোকান ভাংচুরের ঘটনায় জিডি

ঢাকা মেডিকেল কলেজের সামনে দোকানপাট ভাংচুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 06:15 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজের সামনে দোকানপাট ভাংচুরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ ড. আজিজুর রহমান তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে শাহবাগ থানায় এ জিডি করেন। এতে শহীদুল্লাহ হলের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের জানমালের নিরাপত্তা, হলের ভবন ও সম্পদের সুরক্ষা, ছাত্রদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ এবং হলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। জিডিতে অরো বলা হয়, গত ২১ সেপ্টেম্বর ঢাকা মেডিকেলের সামনের দোকান-পাটে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহ হলের কোন ছাত্র, কর্মচারী বা তাদের সন্তান কোনোভাবে জড়িত ছিল না। পক্ষান্তরে থানায় অভিযোগকারীরা নিজেরাই ওই ঘটনা ঘটিয়ে নিজেদের দোষ হলের কর্মচারীদের সন্তানদের উপর চাপানোর 'অপকৌশল' অবলম্বন করে মামলা করেছে। গত ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মেডিকেলের কর্মচারী ও শহীদুল্লাহ হলের কর্মচারীদের সন্তানদের সঙ্গে বিরোধের জের ধরে ডিএমসি'র সামনে কমপক্ষে ৪০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হলের আবাসিক শিক্ষক ড. জসিমুদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গত শনিবার তদন্ত রিপোর্ট জমা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৫ ঘ.