রাঙামাটি, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি নিশ্চিত করতে এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য আদিবাসী সুশীল সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন সন্তু লারমা।
মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এই আহ্বান জানান।
নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে 'পার্বত্য চুক্তি বাস্তবায়ন, উন্নয়ন ও সংবিধান সংশোধনী' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি বলেন, সংবিধানের জন্মলগ্ন থেকে আদিবাসীরা সাংবিধনিক স্বীকৃতির দাবি জানিয়ে আসলেও তা পায়নি।
এবার সংবিধান সংশোধনীতে আদিবাসীদের স্বীকৃতির বিষয়টি নিশ্চিত করার সময় এসেছে।
তিনি অভিযোগ করেন, তিন পার্বত্য জেলার নির্বাচিত সাংসদরা পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে সরকারের কাছে একটি কথাও উত্থাপন করেননি। তারা দলীয় কাজ নিয়ে ব্যস্ত।
সন্তু লারমা আরো বলেন, পার্বত্য চুক্তির শর্তানুযায়ী তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার তালিকা ও নির্বাচন বিধিমালার খসড়া সরকারের কাছে পাঠানো হলেও বিধিমালা দুটি এখনো প্রণীত হয়নি।
পার্বত্য চুক্তি অনুযায়ী এ দু'টি বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য আঞ্চলিক পরিষদের নির্বাচন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের দীর্ঘ ১৩ বছরেও তা বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষ হাতাশায় ভুগছে। তারা এ অবস্থা থেকে মুক্তি চায়।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে ও ইউএনডিপি-সিএইচডিপি'র সহযোগিতায় মতবিনিময় সভায় আরো আলোচনা করেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান, ইউএনডিপি-সিএইচডিপির কর্মকর্তা রবার্ট স্টলম্যান রব, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য থোয়াইঅং মারমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24