ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে র্যাবের সঙ্গে গোলাগুলির পর আহত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত ১১টার দিকে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন ওরফে পিচ্চি সুমন (২২) ও জামাল হোসেন (২৪)।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি পাইগান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর সহকারি পরিচালক শফিউল সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে র্যাবের একটি দল আগারগাঁও এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা ইসলামিক ফাউন্ডেশনের পাশের গলিতে কয়েকজন ছিনতাইকারীকে ছিনতাইয়ের প্রস্তুতি নিতে দেখে।
ওই সময় ছিনতাইকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে।
পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমন ও জামালকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের অপর সঙ্গী পালিয়ে যায়।
দুই ছিনতাইকারীকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এইচএ/১৮২২ ঘ.
bdnews24