২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কিশোরী অগ্নিদগ্ধ, অভিযোগ হত্যাচেষ্টার

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জামালপুরে এক কিশোরীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে ওই কিশোরীর পরিবার অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

জামালপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জামালপুরে এক কিশোরীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় বলে ওই কিশোরীর পরিবার অভিযোগ করেছে। অগ্নিদগ্ধ আলেছাকে (১৭) মঙ্গলবার সকালে জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে তার শরীর ঝলসে গেছে। তবে পুলিশের ধারণা, আলেছা আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলো। আলেছার বাড়ি জামালপুরের বকশীগঞ্জের টুপকার চর এলাকায়। তার বাবার নাম মজিবর রহমান। আলেছার মা আমেনা বেগম সাংবাদিকদের বলেন, গ্রামের হাসমত আলীর ছেলে তাইরান আলেছাকে বিয়ের প্রস্তাব দেয়। তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। "এতে ক্ষিপ্ত হয়ে তাইরান তার দুই সহযোগী নিয়ে সোমবার রাতে বাড়িতে ঢুকে পেট্রোল ঢেলে আলেছার দেহে আগুন ধরিয়ে দেয়", বলেন তিনি। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এমএ নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলেছা নিজেই শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮২৬ ঘ.