গাইবান্ধা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস থামানো নিয়ে বাক-বিতণ্ডার জেরে গ্রেপ্তার দুই শ্রমিকের মুক্তির পর গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়ন।
শনিবার রাত ১টার দিকে হানিফ এন্টারপ্রাইজের একটি নৈশ কোচের সুপারভাইজার আইয়ুব আলী ও হেলপার শান্ত চন্দ্র কুমারকে বাসটার্মিনাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে পরদিন সকাল ৮টা থেকে জেলা বাস টার্মিনালের কাছে গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিক ইউনিয়ন।
এতে জেলার সব রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে জেলা প্রশাসন ও জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে আলোচনার ভিত্তিতে গ্রেপ্তার শ্রমিকদের ছেড়ে দেওয়া হলে দুপুর ১২টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
সদর থানার ওসি আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে মুখ্য বিচারিক হাকিম মো. জালাল উদ্দিন ঢাকা থেকে ফেরার পথে গাইবান্ধা সার্কিট হাউজের সামনে নামতে চাইলে চালক কোচটি না থামিয়ে বাসটার্মিনালে চলে যায়।"
তিনি জানান, এ নিয়ে হাকিমের সঙ্গে নৈশকোচের শ্রমিকদের বাক-বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আইয়ুব ও শান্তকে গ্রেপ্তার করা হয়।
এদিকে বেলা ১১টার দিকে শ্রমিকরা জেলা বাসটার্মিনালে সমাবেশ করে। পরে তারা মিছিল নিয়ে কোচের দুই শ্রমিকের মুক্তি ও হাকিমের বদলি দাবি করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন।
পরে দুই শ্রমিককে মুক্তি দেওয়া হলে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
জেলা মোটর-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানুষের দুর্ভোগের কথা ভেবে সাময়িকভাবে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।"
তিনি জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু সমাধান না হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষনা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/১৬৪৫ ঘ.
bdnews24