ঢাকা সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে শনিবার একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লেগে দুটি বিলবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাহত হয়েছে গাড়ি চলাচল।
নগরীর ব্যস্ততম এলাকায় এ সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।
দমকল বিভাগের কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে সার্ক ফোয়ারা মোড়ে সোনারগাঁও হোটেলের সামনের একটি বৈদ্যুতিক খুটিতে আগুন লাগে। তবে ১০ মিনিটের মধ্যে দমকল বিভাগ আগুন নিভিয়ে ফেলে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকল বিভাগ ধারণা করছে।
আনিসুর রহমান বলেন, "তার থেকে খুটিতে, পরে পাশের দুটি বিলবোর্ড আগুনে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দমকল বিভাগের গাড়ি আগুন নিভিয়ে ফেলে।"
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার ঘটনায় ব্যস্ততম মোড়টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কিছুক্ষণের জন্য মোড়ের যান চলাচল বন্ধ রাখা হয়।"
তবে দমকল বিভাগ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় বলে জানান মোস্তাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/১৫০২ ঘ.
bdnews24