ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে ফুলবাড়িয়ার গোলাপশাহ মাজার থেকে বুড়িগঙ্গা সেতু পর্যন্ত একটি উড়ালপথ নির্মাণ হবে বলে জানিয়েছেন গণপূর্ত প্রতিমন্ত্রী।
জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান এ কথা জানান।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, উড়ালপথ নির্মাণ প্রকল্পটি প্রক্রিয়াধীন।
এছাড়া ঢাকাকে আধুনিক ও বাসযোগ্য করতে প্রগতি সরণী থেকে বালু নদী পর্যন্ত রাস্তা, গুলশান-১ নম্বরে বহুতল কার পার্কিংসহ অফিস ভবন এবং দিলখুশা বাণিজ্যিক এলাকায় বহুতল গাড়ি পার্কিং নির্মাণ করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিশেষ সুবিধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।"
কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সাংসদ মো. মজিবুল হকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, খিলক্ষেত থেকে পূর্বাচল নতুন শহর পর্যন্ত তিন'শ ফিট রাস্তার কাজ ২০১২ সালের জুন নাগাদ শেষ হবে। কুড়িল উড়ালপথের কাজ ২০১২ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২২ ঘ.
bdnews24