২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের গুলিতে র‌্যাব সদস্যের মৃত্যু

রাজধানীর বারিধারায় নিজের হাতে থাকা অস্ত্রের গুলিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 04:02 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বারিধারায় নিজের হাতে থাকা অস্ত্রের গুলিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত র‌্যাব সদস্য মো. মিলন সরকার (৩৫) পুলিশের নায়েক ছিলেন। গত জুন মাসে তিনি র‌্যাবে যোগ দেন। এর আগে ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন করেন মিলন। বৃহস্পতিবার সকালে বারিধারা থেকে গুলশান যাওয়ার রাস্তায় আমেরিকান অ্যাম্বাসির কাছে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নূরুল আলম। তিনি বলেন, বারিধারা থেকে গুলশান যাওয়ার রাস্তায় র‌্যাব-১ এর একটি দল সকালে টহল চৌকি বসায়। এ সময় মিলন সেখানে র‌্যাবের একটি গাড়িতে বসেছিলেন। অন্যরা রাস্তায় দায়িত্ব পালন করছিলেন। "পৌনে ৮টার দিকে হঠাৎ মিলনের অস্ত্র থেকে একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি তার থুনতি দিয়ে ঢুকে মাথা ভেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান।" পুলিশ কর্মকর্তা নূরুল আলম আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১০৩৭ ঘ.