ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়ারীঘাট এলাকার ৫৭টি অবৈধ স্থাপনা বুধবার উচ্ছেদ করেছে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডাব্লুটিএ) ও ঢাকা জেলা প্রশাসন।
নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান পরিচালত হয় বলে জেলা নির্বাহী মেজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানান।
তিনি জানান, সকাল ৯টায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। অভিযানে লালবাগ মৌজার সোয়ারীঘাট এলাকায় নির্মিত পাকা, কাঁচাপাকা, আধাপাকা ৫৭টি স্থাপনা ভেঙে ফেলা হয।
ওই এলাকায় এ ধরণের দুইশ আটটি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে বলে জানান কামরুজ্জামান।
তিনি বলেন, "বৃহস্পতিবারও এই অভিযান চলবে।"
একইদিন উত্তরা ১০ নং সেক্টরে ও আশুলিয়া রোডের দুপাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় পাঁচশ কাঁচাঘর উচ্ছেদ করেছে রাজউক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮১১ ঘ.
bdnews24