কক্সবাজার, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় মঙ্গলবার রাতে পিক-আপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হন একজন।
নিহতরা হলেন- বান্দরবান জেলার পাহাসিয়াখালী ইউনিয়নের বগাছড়ি এলাকার সুলতান আহমদ (৩০) ও কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বৈরাগীরখিল এলাকার বাবুল (২৮)।
আহত উকিল আহমদকে (২৮) মুমূর্ষু অবস্থায় ডুলাহাজারায় খ্রিশ্চিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডুলাহাজারার বালুর চর এলাকার বাসিন্দা।
চকরিয়ার ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নিজাম উদ্দিন জানান, খুটাখালী থেকে মোটরসাইকেলে তিনজন ডুলাহাজারা যাচ্ছিলেন।
রাত ৯টার দিকে মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলে দু'জন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৯ ঘ.
bdnews24