চাঁদপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ছাত্রলীগের দুই গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে সদর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
এক পক্ষে জহিরুল ইসলাম বাদী হয়ে সাত জনকে আসামি করে একটি মামলা করেন। অপর পক্ষে মো. আরফাত বাদী হয়ে প্রতিপক্ষের সাত জনকে আসামি করে পাল্টা একটি মামলা দায়ের করেন।
রোববার রাতে চাঁদপুর শহরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কের সাউথ প্লাজার সামনে ছাত্রলীগ নেতা শাহজাদা আখন্দ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গনি পাটোয়ারীকে কটাক্ষ করেন বলে অভিযোগ ওঠে।
এ নিয়ে রাতেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদা আখন্দ (৩০), তার সহপাঠী আনিস (২৯), দেলোয়ার হোসেন (৩০) এবং মনির হোসেন (২৯) আহত হন।
এদের মধ্যে শাহজাদা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির আহমেদ বলেন, "ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা দুটি পুলিশ তদন্ত করে দেখছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩০২ ঘ.
bdnews24