ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নিমতলীতে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের পর নিজ দেহে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে এক যুবক।
সোমবার সকালে বংশাল থানা এলাকায় ৬৯/১ নিমতলীর বাসায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত সাইদুল ইসলাম (২৪) ও শারমিন আকতারকে (১৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুরান ঢাকার একটি কাঁটাতার তৈরির কারখানার কর্মচারী সাইদুল ইসলাম ভবনটির নিচতলায় এবং ওই ছাত্রী তার পরিবারের সঙ্গে দ্বিতীয় তলায় বসবাস করে।
জাহিদ হোসেন বলেন, "সকাল সাড়ে ৯ টার দিকে সাইদুল হঠাৎ শারমিনদের বাসায় ঢুকে পড়ে। এ সময় শারমিনকে একা পেয়ে সাইদুল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়।"
চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এসআই জাহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইদুলের প্রেমের প্রস্তাবে শারমিন সাড়া না দেওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি বলেন, "দুজনই গুরুতর আহত। তারা সুস্থ হওয়ার পর কথা বলে প্রকৃত বিষয় নিশ্চিত হওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/কেএমএস/১৪৪৩ ঘ.
bdnews24