২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপিপির দৃশ্যপট বদলাচ্ছে: গভর্নর

দেশে পিপিপি"র দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে জানিয়ে এর আওতায় জ্বালানি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 08:35 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

সৈয়দ নাহাস পাশা লন্ডন থেকে লন্ডন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে পিপিপি"র দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে জানিয়ে এর আওতায় জ্বালানি খাতে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। রোববার পূর্ব লন্ডনে বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) সফল বাস্তবায়ন হলে সাহায্যের জন্য আর অন্য দেশের মুখাপেক্ষী থাকতে হবে না বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, পিপিপি'র দৃশ্যপট এখন বাংলাদেশ খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কেবিনেটে এ সংক্রান্তরেগুলেশন পাস হয়েছে। সরকার একটি সেল গঠন করেছে। শিগগিরই এর কাজ শুরু হবে। আমরা প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ ফান্ড গঠন করছি। বাংলাদেশ ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার পিপিপি ফান্ড গঠনের পরামর্শ দিয়েছি। সরকার তা গ্রহণ করেছে। পিপিপি'র তহবিল গঠনে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, "তাহলে আমাদের আন্তর্জাতিক দাতা গোষ্ঠির কাছে আর হাত পাততে হবে না।" আতিউর প্রবাসীদের উদ্দেশে বলেন, "বাংলাদেশে বিনিয়োগের দ্বার উন্মুক্ত। রিনিউঅ্যাবল এনার্জি এবং বিদ্যুৎ খাত হচ্ছে বর্তমানে বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। প্রবাসীরা নিজেরা কিংবা বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে অথবা সরকারের সঙ্গে পিপিপি'র আওতায় এনার্জি খাতে বিনিয়োগ করতে পারেন।" পর্যটন, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো খাতেও বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান গভর্নর। "নতুন পদ্মা সেতু এবং চার লেনের চট্টগ্রাম হাইওয়েতে আপনারা বিনিয়োগকরতে পারেন", বলেন তিনি। গভর্নর বিনিয়োগের মূলধন ব্যাংকের মাধ্যমে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, "তা হলে আপনারা বাংলাদেশের অর্থ বাজার থেকে ওয়ার্কিং ক্যাপিটাল যোগাড় করতে পারবেন। সরকার এর অনুমোদন দেবে।" বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া প্রসঙ্গে আতিউর বলেন, "আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো প্রতিবেশী দেশের চেয়ে অনেক কম। তাই আমাদের সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। তবে বিষয়টি আমরা একেবারে নাকচ করে দিচ্ছি না।" অনাবাসী বাংলাদেশিদের বাংলাদেশে ব্যাংক প্রতিষ্ঠার জন্য অপেক্ষা না করে বিদ্যমান ব্যাংকগুলোর শেয়ার কেনার পরামর্শ দেন গভর্নর। তিনি বলেন, "শিগগিরউ অনেক ব্যাংকের শেয়ার অফলোড করা হচ্ছে। এসব শেয়ার কেনা ব্যাংকিং সেক্টরে প্রবাসীদের প্রবেশের এটি একটি উত্তম পন্থা।" প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপনের প্রক্রিয়া গতিশীল আছে বলেও জানান গভর্নর। বিবিসিসি চেয়ারম্যান ইকবাল আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসানুল হক, মুকিম আহমদ, মহিব চৌধুরী ও সাঈদুর রহমান রেনু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.