২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ডুবে যাওয়ার দুদিন পর লাশ মিললো

মাওয়ায় ডুবে যাওয়া স্পিডবোটের এক যাত্রীর লাশ দুদিন পর ভেসে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়ায় ডুবে যাওয়া স্পিডবোটের এক যাত্রীর লাশ দুদিন পর ভেসে উঠেছে। বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় নিখোঁজ আরো তিনজনের সন্ধান এখনো মেলেনি। রোববার বিকালে শেখ মনিরুজ্জামানের (২৫) লাশ লৌহজংয়ে ভেসে ওঠে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাওয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক আবু তায়েব। তিনি বলেন, "লৌহজংয়ের কুমারভোগে পদ্মা নদীতে মনিরের লাশ ভেসে উঠলে পুলিশ তা উদ্ধার করে।" মনিরুজ্জামান মা রেহেনা বেগমকে নিয়ে স্পিডবোটে করে পদ্মা পাড়ি দিয়ে বরিশাল যাচ্ছিলেন। মাওয়ার ২ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে ধাক্কা লাগার পর ডুবে যায় স্পিডবোটটি। স্পিডবোটের ১১ যাত্রীর মধ্যে রেহানাসহ সাতজনকে সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয়। মনিরুজ্জামানের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। তার বাবা হারুনূর রশীদ লাশ নিয়ে বাড়ি রওনা হয়েছেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৮ ঘ.