ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী না আসায় মডেল তানিয়া মাহবুব তিন্নী হত্যামামলার সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে।
রোববার এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক ছিলো। তবে রাষ্ট্রপক্ষের পাঁচ জন সাক্ষীকে আদালতের সমন পাঠানো হলেও হাজির না হওয়ায় ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান আগামী ১৯ অক্টোবর সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ ঠিক করেছেন।
এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার আসামি এক সময়ের ছাত্রদল নেতা এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির আইনজীবী শাহ ইলিয়াস রতন। পলাতক অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে এ আইনজীবী নিয়োগ দেয় আদালত।
অভি এখন কানাডায় আছেন বলে মামলার নথিপত্রে বলা হয়েছে।
এ নিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ দ্বিতীয়বার পেছালো। গত ১৪ জুলাই অভিকে পলাতক দেখিয়ে তার অনুপস্থিতিতেই মামলায় অভিযোগ গঠন করে ১৬ আগস্ট সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করেছিলো আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে ৪১ জনকে সাক্ষী করা হয়। যে পাঁচজনকে হাজির হতে সমন জারি করা হয়, তারা হলেন মামলার বাদি কেরানীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক মো. শফিউদ্দিন, রাজধানীর উত্তরার সৈয়দ রেজাউল করিম, মাহবুবুল করিম, নার্গিস তাহের ও বিনা।
২০০২ সালের ১০ নভেম্বর তিন্নিকে খুনের পর তার লাশ বুড়িগঙ্গার চীন মৈত্রী সেতুর নিচে ফেলে রাখা হয়। মামলায় অভিযোগ করা হয়, তিন্নির সঙ্গে সম্পর্ক চাপা দিতে অভিই তাকে খুন করে।
লাশ উদ্ধারের পর দিন কেরানীগঞ্জ থানা পুলিশ হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করলেও ছয় তদন্ত কর্মকর্তার হাত ঘুরে পরে শুধু অভিকে আসামি করে ২০০৮ সালের ৮ নভেম্বর অভিযোগপত্র দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী কমিশনার মোজাম্মেল হক।
গত ১৪ মার্চ ঢাকার তৎকালীন জেলা ও দায়রা জজ কৃষ্ণা দেবনাথ আলোচিত এ মামলার অভিযোগ গঠন করে বিচারের জন্য তা বর্তমান আদালতে পাঠান।
আদালতের পেশকার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভি দেশে ফিরতে চেষ্টা করছেন। তিনি দেশে ফিরলে যেন হয়রানি না করা হয়, সে জন্য তার মা আমিনা বেগম হাইকোর্টে গত ১০ অগাস্ট একটি রিট আবেদন করেন।
১৯৯২ সালে রমনা থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার ১৭ বছর সশ্রম কারাদণ্ডের রায়ের পর হাইকোর্ট থেকে জামিন নেন অভি। এরপরই দেশ ছাড়েন তিনি। অভিকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা ইতোপূর্বে জানিয়েছেন।
তিন্নির লাশ উদ্ধারের পর প্রথম মামলায় তিন্নির স্বামী শাফাকাত হোসেন পিয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিলো। কিন্তু হত্যার সঙ্গে তাদের কারোরই সম্পৃক্ততা না পাওয়ায় তাদের প্রত্যেককেই পরে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০০৪ সালের ২৯ জুন থেকে ২০০৮ সালের ৩ জুন পর্যন্ত তদন্ত শেষে পুলিশ অভির বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, পিয়ালের সঙ্গে দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে তিন্নির সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন অভি। তবে তাকে কখনো স্ত্রীর মর্যাদা দেননি। বিয়ের জন্য তিন্নি চাপ দিলে অভি তাকে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24