ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে পড়ে নিহত হয়েছে নৌকারোহী দুই শিশু।
রোববার সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নাসিমা (১২) ও আল-আমিন (৯) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আনিসুর রহমানের সন্তান। আনিসুর কামরাঙ্গীরচরের একটি জুতার কারখানার শ্রমিক। ঈদের ছুটি শেষে সন্তানদের নিয়ে সকালেই তিনি ঢাকা ফেরেন।
কেরানীগঞ্জ থানার ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনিসুর তার তিন সন্তান মনির হোসেন (১৫), নাসিমা ও আল-আমিনকে নিয়ে মেহেন্দীগঞ্জ থেকে কোকো-১ লঞ্চে সদরঘাটে আসেন।
"লঞ্চটি ঘাটে ভেড়ার পর যাত্রীরা পন্টুনে নামলেও আনিসুর কামরাঙ্গীরচরের নিজামবাগের ভাড়া বাসায় যাওয়ার জন্য লঞ্চ থেকেই একটি নৌকায় ওঠেন। তখন ময়ূর-২ নামে অন্য একটি লঞ্চ যাত্রী নামিয়ে পন্টুন ছাড়ছিলো। নৌকাটি দুই লঞ্চের মধ্যে পড়ে যায়।"
দুই লঞ্চের ধাক্কায় নৌকার মাঝি এবং আনিসুর ও তার বড় ছেলে প্রথমেই পানিতে পড়ে যায়। এক পর্যায়ে নৌকাটিও তলিয়ে যায়, তখন পড়ে যায় নাসিম ও আমিনও।
নাসিম পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। আল-আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, সেও মারা গেছে।
আল-আমিনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এবং নাসিমার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজধানী বৃহত্তম নৌবন্দর সদরঘাটে লঞ্চ টার্মিনালে নৌকার ঝুঁকিপূর্ণ চলাচল নিত্য সময়ের চিত্র। এ কারণে প্রায়ই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৩০০ ঘ.
bdnews24