২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের পথে

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ঢাকা ছেড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 03:39 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় রওনা হন। শনিবার ব্রাসেলসে তিনি যাত্রাবিরতি করবেন। সেখান থেকে রোববার সকালে একটি বিদেশি বিমানে নিউ ইয়র্ক যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সকাল সোয়া ৮টায় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তিন বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সরাকারি ও সামরিক কর্মকর্তারা তাকে বিদায় জানান। ১০ দিনের এ সফরে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষী ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। তিনি ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক অবস্থান করবেন। গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। এর আগে ২১ সেপ্টেম্বর শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানদের এক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ডেপুটি স্পিকার শওকত আলী, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রেস সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসসহ একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এবং কয়েকজন গণমান্য ব্যক্তি ও সাংবাদিক। দীপু মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দেবেন। গতবছরও তিনি এই অধিবেশনে বাংলায় ভাষণ দেন। ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীপু মনি আরো জানান, সফরকালে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে বিনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/০৯৩৫ ঘ.