ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করায় দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের সব মাছধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘ তৈরি হচ্ছে। দেশের সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এইচএ/২০৫০ ঘ.
bdnews24