২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা অচল করে দেওয়ার হুমকি মাংস ব্যবসায়ীদের

অ্যানথ্রাক্স আতঙ্ক দূর করতে পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। গরুর মাংসের বিরুদ্ধে 'অপপ্রচার' বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স আতঙ্ক দূর করতে পনেরো দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। গরুর মাংসের বিরুদ্ধে 'অপপ্রচার' বন্ধের দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার বিকালে গাবতলী পশুর হাটে এক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ ঘোষণা দেন। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু হুঁশিয়ার করে দিয়ে বলেন, "পোশাক শিল্পের সমস্যা সরকার সমাধান করেছে। অ্যানথ্রাক্স সমস্যাও সরকারকে ১৫ দিনের মধ্যে সমাধান করতে হবে। গরুর মাংসের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। তা না হলে ঢাকার ১৫ হাজার মাংস ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঢাকা অচল করে দেওয়া হবে।" তিনি দাবি করেন, অ্যানথ্রাক্স একটি সাধারণ রোগ। রাজধানীতে এখনো অ্যানথ্রাক্স আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে সরকার ও গণমাধ্যম মিলে এর সংক্রমণকে ভয়াবহ বলে প্রচার করছে। তাই মানুষ মাংস কিনছে না। গোলাম মর্তুজা আরো বলেন, " মাংস ব্যবসায়ীরা এবার ঈদ করতে পারেননি। কারণ, মানুষ গরুর মাংস কিনছে না। এ সবই ষড়যন্ত্রের অংশ। সেই সব ষড়যন্ত্রকারীদেরও আমরা চিনি। তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে।" কিছুদিন মাংস না খাওয়ার পরামর্শ দেওয়ার জন্যে তিনি স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করেন। ঢাকা সিটি কর্পোরেশনের পশু চিকিৎসক আজমত আলী জানান, ভালো করে মাংস রান্না করলে অ্যানথ্রাক্সের জীবাণু আর থাকে না। এতে কেউ মারা যাবে না। পশুর দেহে অ্যানথ্রাক্স সংক্রমিত হলে একদিনের মধ্যেই মারা যায়। এ কারণে গরুর মালিকও যথাসময়ে রোগ সনাক্ত করতে পারে না। তাই অ্যানথ্রাক্স আক্রান্ত গরু ঢাকায় এনে বিক্রির সম্ভাবনা নেই।" অ্যানথ্রাক্স আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলেই সুস্থ হয়ে যাবে বলে তিনি জানান। আলোচনা সভায় মাংস ব্যবসায়ী, গবাদি পশু ব্যবসায়ী, বাংলাদেশ চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা ও ঢাকা সিটি কর্পোরেশনের দুজন চিকিৎসক বক্তব্য রাখেন। গত ১৮ অগাস্ট প্রথম সিরাজগঞ্জে ২৬ জন গ্রামবাসীর দেহে অ্যানথ্রাক্স সংক্রমণ সনাক্ত করা হয়। এর পর এটি দেশের অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গত ৫ সেপ্টেম্বর সরকার সারাদেশে রেড এলার্ট জারি করে। স