ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাককে তলব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জরুরি এ তলব পান মন্ত্রী। তিনি তখন মন্ত্রণালয়ে মজুদদারি সংক্রান্ত একটি সভা করছিলেন। সভা দ্রুত শেষ করে দুপুর ১টায় খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যান।
সেখান থেকে ফিরে রাজ্জাক সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। বিভিন্ন জেলায় কী পরিমাণ ত্রাণ সামগ্রীর মজুদ রয়েছে, তাও জানতে চেয়েছেন তিনি।"
বন্যা ও ত্রাণ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কোথাও ঘাটতি থাকলে তা দ্রুত পূরণের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে খাদ্যমন্ত্রী জানান।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, দেশে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয়। এ নিয়ে আশঙ্কিত হওয়ারও কিছু নেই।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ফলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১২ জেলায় বন্যা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে আবহাওয়াবিদরা আভাস দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭১৪ ঘ.
bdnews24