ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে জলবায়ু পরিবর্তনজনিত কাজে ব্যবহারের জন্য গঠিত 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)-এর ব্যবহার নীতিমালা আগামী সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে।
এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক নীতিগতভাবে একমত হয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের কারিগরি বিশেষজ্ঞ দল এ নিয়ে বৈঠক করে নীতিমালাটি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান।
এর আগে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ইলেন গোল্ডস্টেইন প্রতিমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে দেখা করেন। তারা প্রায় এক ঘন্টা ধরে নানা বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সঙ্গে স্বাক্ষর করা সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দুইপক্ষের বিশেষজ্ঞরা বৈঠক করে অর্থ ব্যবহার নীতিমালা চূড়ান্ত করবে। অর্থ ব্যবহারের ক্ষেত্রে পুরো কর্তৃত্বই থাকবে বাংলাদেশের হাতে। পরিবেশ প্রতিমন্ত্রীর নেতৃত্বে ট্রাস্টি বোর্ড এবং সচিবের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি এ তহবিল পরিচালনা করবে। দাতাদের শর্ত অনুযায়ী বিশ্বব্যাংক (ডব্লিউবি) এ তহবিল পরিচালনায় কারিগরি সহায়তা দেবে।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গঠিত 'মাল্টিডোনার ট্রাস্ট ফান্ড' (এমডিটিএফ) নাম বদলে রাখা হয়েছে 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)। এ তহবিলে অর্থের পরিমান হবে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা।
পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এ তহবিলে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক ও সুইডেন আর্থিক মঞ্জুরি সহায়তা দেবে। এতে যুক্তরাজ্য ৭৫ মিলিয়ন ডলার, ডেনমার্ক ১০ মিলিয়ন ডলার ও ইউরোপীয় ইউনিয়ন সাড়ে আট মিলিয়ন ইউরো দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ কেএমএস/১৫২৯ ঘ.
bdnews24