২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনার ওপর আলাদা রেলসেতু হবে: মন্ত্রী

বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির চাপ কমাতে পাশেই আলাদা রেলসেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর ওপর গাড়ির চাপ কমাতে পাশেই আলাদা রেলসেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ জন্য ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানিয়েছেন। তিনি আরো বলেছেন, যমুনার ওপর আরো একটি এবং পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজের দরপত্র শিগগিরই আহ্বান করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। আবুল হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, দেশের সব বড় নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। "ইতোমধ্যে বেশ কয়েকটি নদীর ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। আরো কিছু কাজ অচিরেই শুরু হবে। সব মিলিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি সেতু নির্মাণের পরিকল্পনা আছে সরকারের।" যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে আলাদা রেলসেতু নির্মাণের পরিকল্পনার কথা জানানোর পাশাপাশি মন্ত্রী বলেন, "ফুলছড়ি ও বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর ওপর নতুন করে আরো একটি সেতু নির্মাণ করা হবে।" টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সংযোগকারী ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু সেতু ১৯৯৮ সালে খুলে দেওয়া হয়। বর্তমানে এর ওপর গাড়ি ও রেল উভয় যানবাহন চলছে। নির্মাণের যুগপূর্তির আগেই সেতুতে ফাটল দেখা দিয়েছে। বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতে আগের ডাকা দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করতে বলেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফাটল মেরামতে কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে নিয়োগের প্রস্তাব প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ করতে নামকরা প্রতিষ্ঠানগুলো তেমন আগ্রহী নয়। তাই বড় প্রতিষ্ঠানগুলো থেকে কোনো দরপত্রও আসে না।" তিনি বলেন, ফাটলের কারণ নির্ধারণে বিশেষজ্ঞদের সমন্বয়ে কারিগরি কমিটি করা হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী সেতু মেরামতে দরপত্র আহ্বান করা হয়েছে। এসব প্রস্তাব যাচাই-বাছাই করা হয়। তারা তিনটি প্রতিষ্ঠানকে প্রস্তাব করেছে। এতে সর্বনিু দরদাতা হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে (সিআরবিসি) কাজ দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয় তা চূড়ান্ত করেনি জানিয়ে আবুল হোসেন বলেন, এটি চূড়ান্ত করতে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়। তারা প্রস্তাব বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী নতুন দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ করা হবে। মন্ত্রী জানান, আগের দরপত্রে সর্বনিু দরদাতার প্রস্তাব ছিল ১০৬ কোটি। দ্বিতীয় সর্বনিু দরদাতার থেকে তাদের প্রস্তাব ১২০ কোটি টাকা কম। নতুন করে দরপত্র আহ্বান ও মেরামত কাজ শুরু করতে আরো চার থেকে পাঁচ মাস সময় লাগবে, বলেন আবুল হোসেন। নির্মাণকারী প্রতিষ্ঠানকে দিয়ে কেন মেরামতের কাজ করা হচ্ছে না- প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, "তাদের ওয়ারেন্টি সময় শেষ হয়ে গেছে। তারপরও তাদের মানবিক দায়বদ্ধতা রয়েছে। এ কারণে তারা ইচ্ছা করলে এটা করতে পারতো। কিন্তু তারাও এগিয়ে আসছে না, তাই আমাদের অন্যভাবে কাজটি করতে হচ্ছে।" পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি প্রসঙ্গে আবুল হোসেন বলেন, "শিগগিরই পদ্মা সেতু নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। সব প্রস্তুতি শেষ করে আগামী বছরের প্রথমদিকেই কাজ শুরু হবে।" তিনি জানান, এ বিষয়ে দাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং অনেক অগ্রগতি হয়েছে। দেশের সর্ববৃহৎ এ সেতু নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৮০০ কোটি টাকা। এর প্রায় পুরো অর্থই বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হবে। প্রথম পদ্মা সেতুর কাজ শুরুর পরই 'দ্বিতীয় পদ্মা সেতু' নির্মাণের প্রক্রিয়া শুরু হবে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, "মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া পয়েন্টে এ সেতু নির্মাণ করা হবে। বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়াং চো'র সঙ্গে বৈঠক করেন যোগাযোগমন্ত্রী। তারা দ্বিপাক্ষিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা প্রসঙ্গে আবুল হোসেন জানান, আগামী ২০১১ সালে মেক্সিকোতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড রোড কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে দক্ষিণ কোরীয় কূটনীতিক তার সঙ্গে দেখা করেছেন। দক্ষিণ কোরিয়া ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রোড কংগ্রেসের সদস্য। প্রতি চার বছর পরপর এর কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে পরবর্তী কংগ্রেস আয়োজনে দক্ষিণ কোরিয়াও আগ্রহী। তারা এ বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫৩১ ঘ.